সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের সহযোগিতায় জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সম্পন্ন হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের মধ্যে ১৩৫ জনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়।
এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।
বিশেষ অতিথি ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের সিইও এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মো. শাহিদুল ইসলাম এবং অতিথি ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডা. মেনো হুইকেশোভেন এবং তার দলের অন্যান্য চিকিৎসকরা। এ ছাড়া যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


