দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুলে বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে ছুটি।
বুধবার রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আর এই প্রজ্ঞাপনের মাধ্যমে রোজায় স্কুল খোলা থাকবে, নাকি থাকবে না; সে প্রশ্নের অবসান ঘটল।
রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
সেখানে রমজান, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি মিলিয়ে ছুটির ঘোষণা দেওয়া হয়েছে।
সে হিসেবে বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। ২৬ মার্চ বৃহস্পতিবার, অর্থাৎ এরপর ২৯ মার্চ বিদ্যালয়ের ক্লাস শুরু হবে।
অর্থাৎ এই দফায় শিক্ষার্থীরা টানা ৩৮ দিন ছুটি পেতে যাচ্ছে।
রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন এক আইনজীবী।
গত রোববার সেই রিটের শুনানি শেষে পুরো রমজান মাস অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেয় হাইকোর্ট।
পরদিন সোমবার হাইকোর্টের এই আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত।
ফলে স্কুল খোলাই ছিল।
তবে অভিভাবকসহ বিভিন্ন মহলে বিষয়টি বেশ অসন্তোষ দেখা দেয়। যার প্রতিফলন ঘটে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টে।
এরই মধ্যে রোজার প্রথম দিন থেকেই স্কুল বন্ধের ঘোষণা এল।
দেখুন প্রজ্ঞাপন দুটি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ছুটির তালিকা


