দেশের বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
বুধবার থেকে সব শপিংমল, মার্কেট ও দোকান বেলা ১১টা হতে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ছাড়া সন্ধ্যা ৭টার মধ্যে সব প্রকার আলোকিত বিলবোর্ড বন্ধকরণ এবং অনাবশ্যক আলোকসজ্জা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
এই নতুন নিয়ম দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, যা রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকানসহ অন্যান্য জরুরি সেবাসমূহ এই নির্দেশনার আওতা বহির্ভূত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিদ্যুৎ বিভাগের জারি করা এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
ঈদুল আজহার আগে দোকানপাট ও বিপণিবিতান খোলার সময়সীমা শিথিল করে সরকার। ঈদের পর আবার সন্ধ্যা ৭টায় দোকানপাট ও বিপণিবিতান বন্ধে কড়াকড়ি আরোপ করা হয়।
পরে ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার দাবি করেন। এর পর বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা সিদ্ধান্ত দেয় সরকার।


