একমাত্র গুণগত শিক্ষা অর্জনই উন্নয়ন ও পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেছেন গণফোরামের কেন্দ্রীয় তথ্য ও গণমাধ্যম সম্পাদক টিএইচএম জাহাঙ্গীর।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে গণফোরামের মনোনীত এমপি প্রার্থী হিসেবে তিনি বলেন, দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে হলে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।
সম্প্রতি ছাতক উপজেলার ভাতগাঁও আইডিয়াল কলেজে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে চান এবং ছাতককে শিক্ষা ও শিল্পনগরী হিসেবে রূপান্তরে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
এ সময় কলেজের অধ্যক্ষ মেঘলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, টিএইচএম জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের গুণীজনদের নিয়ে ‘সিলেট রত্ন ফাউন্ডেশন’-এর মাধ্যমে মেধা, শিক্ষা ও গবেষণা উন্নয়নে কাজ করছেন। তিনি জানান, নিজের জীবনের অভিজ্ঞতা ছাতক-দোয়ারাবাজারের মানুষের কল্যাণে কাজে লাগাতে চান।


