বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অপহৃত তিন রাবার শ্রমিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার রাতে কক্সবাজারের রামু উপজেলার বৈদ্যপাড়া দুর্গম পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
অপহৃত শ্রমিকরা হলেন—নুরুল ইসলাম (২০), এনামুল হক (২০) ও হাসান (২০)। তাদের বাড়ি উখিয়া উপজেলার পালংখালী ইউপির শফিউল্লাহকাটা এলাকায়। উদ্ধার হওয়া শ্রমিকদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আবীর রাবার বাগান থেকে মঙ্গলবার রাত দেড়টার দিকে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে রাত ২টার দিকে বাগানের আরেক কর্মী নুরুল ইসলাম বিষয়টি বাগান মালিককে জানান।
রাবার বাগানের মালিক আবদুল করিম বান্টু বলেন, ‘অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানাই। দ্রুত ব্যবস্থা নেওয়ায় শ্রমিকদের জীবিত উদ্ধার সম্ভব হয়েছে।’
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য পাহাড়ি এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়।
পুলিশ জানায়, টানা অভিযান ও চাপের মুখে অপহরণকারীরা অপহৃতদের রামুর দুর্গম পাহাড়ি এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে বাইশারী পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে আসে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘সমন্বিত অভিযানের কারণে দ্রুত সময়ের মধ্যে অপহৃতদের উদ্ধার করা সম্ভব হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই তাদের ফিরিয়ে আনা গেছে। অপহরণকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ অভিযান চলছে।’


