বিএনপি সরকারের পতন ঘটানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপি সরকারের পতন ঘটানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
নওগাঁর পোরশায় জাতীয় নাগরিক পার্টির সমাবেশে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: টাইমস
Advertisement
Advertisement

বাংলাদেশে সংস্কার ও শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, ‘যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, আমরা বিএনপি সরকারের পতন করব। যদি শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন করব। আমরা সরকার গঠন করে হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।’

রোববার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন বলেন, ৫ আগস্টের পর যারা সিএনজি ও বাস স্ট্যান্ড এবং দোকানপাট দখল করে টাকা কামিয়েছে, তারা সব রেখে বঙ্গোপসাগরের দিকে পালাবে। সংস্কার ও খুনিদের ফাঁসি দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

‘হাসিনা ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করে পালিয়ে গেলেও এখনো তার বিচার করা যায়নি। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও দীপু মনিসহ যে সব সন্ত্রাসী জেলে আছে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে আবু সাঈদের রক্তের বিচার করতে হবে।’

আরও পড়ুন

তিনি প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের হুঁশিয়ার করে বলেন, ‘বেশি চিল্লাচিল্লি বা গরম দেখালে পালাবার জায়গা পাওয়া যাবে না। চাঁদাবাজির ভূত কীভাবে নামাতে হয়, তা তাদের জানা আছে।’

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সমালোচনা করে নাসির বলেন, ‘দক্ষিণ বঙ্গে বন্যায় ৩৯ জন নাগরিক মারা গেলেও মন্ত্রীকে বন্যাগ্রস্ত মানুষের পাশে দেখা যায়নি।’

তিনি অভিযোগ করেন, ‘এই মন্ত্রীরা নির্বাচনের আগে উন্নয়নের কথা বললেও নির্বাচনের পর দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও আড্ডায় ব্যস্ত থাকেন।’

নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের বিজেপি ও আরএসএসকে হুঁশিয়ার করে বলেন, ‘বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানরা ৪৭, ৭১, ৯০ ও ২৪ সালে লড়াই করেছে। ভারতের কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে বাস্তবায়ন হবে না এবং এ দেশের মানুষ কখনো ভারতের গোলাম হবে না।’

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
টাইমস রিপোর্ট
টাইমস রিপোর্ট

Staff Reporter, Times of Bangladesh

সম্পর্কিত খবর