প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে নেমেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের সদস্যরা।
বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী বক্তব্যে আবদুস সালাম বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতার প্রয়োজনে মুক্তিযোদ্ধারা যেভাবে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, আজ ঢাকা শহরকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বানে তারা একইভাবে রাজপথে নেমে এসেছেন।
তিনি বলেন, ‘আমরা চাই না ঢাকা বিশ্বের নিকৃষ্টতম শহরের তালিকায় থাকুক; বরং আমাদের লক্ষ্য ঢাকাকে পরিচ্ছন্ন ও সবুজ শহরের তালিকায় এক নম্বরে নিয়ে আসা।’
নতুন প্রজন্মের প্রতি দেশপ্রেমের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাঁধেই আগামী দিনের বাংলাদেশের দায়িত্ব। তাই নিজেদের পরিবর্তনের মাধ্যমেই শহর ও দেশকে বদলে ফেলার এই সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
পরিচ্ছন্নতা অভিযানটি নগর ভবন থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট দিয়ে অতিক্রম করে এবং নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা প্রজন্ম ও সিটি করপোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


