ঢাকার এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় হেলমেট না থাকায় এক মোটরসাইকেল আরোহীকে আটক করে ডিএমপির ট্রাফিক- উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোন। পরে জানা যায়, পুরো মোটরসাইকেলটিই চোরাই।
এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটককৃতের নাম- আরিফুল সাগর (৩০)।
ট্রাফিক- উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টায় এয়ারপোর্ট আউটগোয়িং ওয়াই ক্রসিং এলাকায় হেলমেটবিহীন এক মোটরসাইকেল আরোহীকে থামানো হয়। এ সময় তার কাছে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে দেখাতে পারেননি। পাশাপাশি তার আচরণ সন্দেহজনক হওয়ায় মোটরসাইকেলের নিবন্ধন নম্বর যাচাই করে প্রকৃত মালিকের তথ্য সংগ্রহের চেষ্টা করা হয়। তখন ওই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিকভাবে ধাওয়া করে প্রায় আধা কিলোমিটার দূরে গিয়ে তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি মোটরসাইকেলটি চোরাই বলে স্বীকার করে। উদ্ধারকৃত মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৩২-৪৯৯৯। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত মোটরসাইকেলসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এয়ারপোর্ট থানার তথ্য অনুযায়ী, আটককৃত আরিফুল সাগর প্রায় ছয় মাস আগে এয়ারপোর্ট এলাকা থেকে একটি মোটরসাইকেল চুরি এবং বসুন্ধরা আবাসিক এলাকায় হওয়া একটি স্বর্ণ চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল।


