বরগুনার পাথরঘাটা পৌরশহরের ছোট পাথরঘাটা এলাকায় আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে। বুধবার ভোররাতে ছোট পাথরঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোররাত ৪টার দিকে হৃদয় নামে এক ব্যবসায়ীর চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশপাশের কাঠের তৈরি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুনে মো. কালামের চা ও মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মো. মনিরের দোকান ও বাসা, মো. নুর জামালের চায়ের দোকান, মো. নাইমের চায়ের দোকানসহ আরও কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে পাথরঘাটা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, আগুনের তীব্রতা অনেক বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা হতে পারে বলেও জানান তিনি।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


