চট্টগ্রামে প্রাথমিক চিকিৎসা এবং বরগুনায় অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড। রোববার দিনব্যাপী পৃথক এই দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি নিয়মিত জনসেবামূলক কাজের অংশ হিসেবে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের মাল্টিপারপাস হলে প্রাথমিক চিকিৎসা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এতে আইয়ুব বিবি সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অন্যদিকে, একই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এবং স্থানীয় ফায়ার সার্ভিস যৌথভাবে অগ্নিনির্বাপণ ও অগ্নিনিরাপত্তামূলক আলোচনা সভার আয়োজন করে।
কে এম মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় অগ্নিকাণ্ডের কারণ, অগ্নিনির্বাপণের কৌশল ও প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কোস্ট গার্ড জানায়, সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।


