জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত

জামায়াত প্রার্থীর মৃত্যু: শেরপুর ৩ আসনে নির্বাচন স্থগিত
শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের (৫১) মৃত্যুর ঘটনায় এ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে।

বুধবার সকালে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) বলা হয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মারা গেলে, সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম তাৎক্ষণিকভাবে বাতিল বা স্থগিত করতে হবে।

আরও পড়ুন

প্রার্থীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে ওই আসনের নির্বাচনী কার্যক্রম বাতিলের ঘোষণা দেবেন এবং পরবর্তী সময়ে কমিশন নতুন তফসিল ঘোষণা করবে।

গত মঙ্গলবার রাত ২টার দিকে নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। তিনি ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। পরে তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ স্বদেশ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।

নুরুজ্জামান বাদলের প্রথম নামাজে জানাজা বুধবার দুপুর ২টায় শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্কে এবং দ্বিতীয় জানাজা বিকাল ৫টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার মরদেহ শ্রীবরদী পৌর শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad