[live_update time=”বিকাল ৪.৩০মিনিট” title=”৯ ঘণ্টা পর শেষ হলো ভোটগ্রহণ”]
জুলাই গণঅভ্যুত্থানের পথ পেরিয়ে অনুষ্ঠিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় নির্ধারিত সময়েই শেষ হয় ভোটগ্রহণের আনুষ্ঠানিকতা। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা ভোটকেন্দ্রে উপস্থিত হয়েছেন তারা সাড়ে ৪টার পরেও ভোট দিতে পারছেন।
এর আগে সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯ কেন্দ্রে একযোগে শুরু হয় ভোট। একটি কেন্দ্রে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট হয়নি।
সারাদিনই দেশের বিভিন্ন স্থান থেকে ভোট নিয়ে বিচ্ছিন্ন ঘটনার খবর এসেছে।
কোথাও ছিল ভোটারদের দীর্ঘ সারি, কোথাও ভোটকেন্দ্র ছিল প্রায় খালি।
বেশিরভাগ স্থানেই ভোটারদের স্বতস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দেশের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ, দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি, জাল ভোট দেওয়া, নির্দিষ্ট প্রতীকের পক্ষে ভোট দিতে প্রভাবিত করাসহ বিভিন্ন ধরনের অভিযোগও এসেছে।
ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুরু হবে ভোট গণনা। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল যে, এবার দুই ধরনের ব্যালট হওয়ায় ভোট গুনতে অন্যান্য সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগবে।
এখন দেশের মানুষ তাকিয়ে আছেন ভোটের ফলাফলের দিকে।
১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরা বিএনপি চেয়ারপারসন তারেক রহমান জয় পাবেন নাকি ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে গঠিন জামায়াতে ইসলামীর ঘরে জয় যাবে কিনা; তা জানতে অপেক্ষা আর কয়েক ঘণ্টার।
[/live_update]
[live_update time=”দুপুর ৩.৩১ মিনিট” title=”কর্মীদের মারধর করা হচ্ছে, অভিযোগ ইসলামী আন্দোলনের”]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর বারোটার পর থেকে দুপুর ২ টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে অনিয়ম হয়েছে অভিযোগ করে সেগুলো তুলে ধরেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব অনিয়মের কথা তুলে ধরা হয়।
দলটির অভিযোগ, ভোলা-১ এ অনেক কেন্দ্রে আগেই ভোট হয়ে গেছে।
পটুয়াখালী-৪ নম্বর আসনের বিভিন্ন কেন্দ্র ও বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা হাতপাখার নেতাকর্মীদের বাধা দেওয়া হয়েছে, হামলাও করা হয়েছে। এছাড়াও ময়পুর মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়াসহ জাল ভোট দেওয়া হয়েছে।
ভোলা-১ আসনে ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ব্যাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে জামায়াতের নারী এজেন্ট জোর করে নারী ভোটারদের কাছ থেকে সিল নিয়ে নিজেদের মার্কায় সিল দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী আন্দোলন।
এছাড়া ভোলা-৪ সংসদীয় আসনের আওতাধীন চরকলমী ইউনিয়ন এর ৬০ ও ৬১ নং কেন্দ্রে ভোট কারচুপিতে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের হাতে হামলার শিকার হয়েছেন হাতপাখার কর্মীরা।
নরসিংদী-৫ আসনের রায়পুরায় ভোট চুরিতে বাধা দেওয়ায় হাতপাখার এজেন্টকে মারধর ও রক্তাক্ত করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, অভিযোগ ইসলামী আন্দোলনের।
এছাড়া ঝালকাঠি-১ রাজাপুর থানার বড়ইয়া ইউনিয়নে কোথাও এজেন্ট বসতে না দেওয়া, কর্মীদের কুপিয়ে জখম করা, পিটিয়ে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া এবং এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগও এসেছে।
এসব অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
[/live_update]
[live_update time=”দুপুর ২.৫০মিনিট” title=”ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণে আনসার সদস্যসহ আহত ৩”]
গোপালগঞ্জ পৌর এলাকার রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ককটেল বিস্ফোরণে দুই আনসার সদস্য ও এক কিশোরীসহ তিন জন আহত হয়েছে।
বৃহস্পতিবার ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ব্যাটেলিয়ন আনসার সদস্য ফরিদপুর জেলার মধুখালি উপজেলার বামনদি গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে মো. জামাল মোল্লা ও সদর উপজেলার তেতুলিয়া গ্রামের সুনীল মজুমদারের ছেলে সুকান্ত মজুমদার (২৮) এবং শহরের আরামবাগ এলাকার আশরাফ আলী খানের মেয়ে আমেনা খানম (১৩)।

এর মধ্যে আমেনা খানমের বাম পায়ে এবং আনসার সদস্যদের চোখের উপরে জখম হয়েছে।
আরামবাগ এলাকার ভোটার অবিনাশ সরকার বলেন, হঠাৎ কেন্দ্রের মধ্যে বিকট শব্দ ও ধোঁয়া সৃষ্টি হয়। মনে হলো দূর থেকে কেউ ককটেল জাতীয় কিছু একটা ছুড়ে মেরেছে। পরে দেখলাম একটি কিশোরীর বাম পায়ে ও দুইজন আনসার সদস্যের চোখের উপরে কিছু একটা লেগে জখম হয়েছে।
রেশমা ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে প্রিজাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
তিনি বলেন, ‘সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছিলো। সকাল সোয়া ৯টার দিকে একটি বিকট শব্দ হয়। রুম থেকে বের হয়ে দেখি কেন্দ্রের মেইন গেটে উপর একটি একটি ককটেল বিস্ফারণ ঘটানো হয়েছে। এতে কেন্দ্রের ভিতরে দায়িত্বরত দুই আনসার সদস্য ও একটি কিশোরী মেয়ে সামান্য আহত হয়েছেন। তবে, ভোট গ্রহণ স্বাভাবিক রয়েছে।’
এ ঘটনার পর কেন্দ্রটি ঘিরে সাদা পোশাকের পুলিশ এবং যৌথ বাহিনীর টহল বাড়ানো হয়েছে।
[/live_update]
[live_update time=”দুপুর ২.১৫মিনিট” title=”জনগণের রায়ই চূড়ান্ত”]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে এবং ভোটার উপস্থিতিও সন্তোষজনক।
বৃহস্পতিবার দুপুরে টিকাটুলীর কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘পুরান ঢাকার মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন, তাই আশা করছি দিন বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়বে।’
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘জনগণের রায়ই চূড়ান্ত এবং ফলাফল যাই হোক তা মেনে নেব।’
ভোটের মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, ‘গতকাল রাত থেকে জামায়াতের কিছু লোক বিভিন্ন অনিয়ম ও টাকার ছড়াছড়ি করেছে। তারা বুঝে গেছে হেরে যাবে। এজন্য টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। গত রাতে সূত্রাপুরে জামায়াতের নায়েবে আমির এবং এর আগে ঠাকুরগাঁওয়ের আমির প্রায় কোটি টাকাসহ ধরা পড়েছেন বলে শুনেছি।’
জামায়াতের বিপুল অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
[/live_update]
[live_update time=”দুপুর ২.০৫ মিনিট” title=”গাইবান্ধায় ভোটকেন্দ্রে নারী আনসার সদস্যকে প্রত্যাহার”]
গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত এক নারী আনসার সদস্যের বিরুদ্ধে লাইনে দাঁড়ানো ভোটারদের কাছে দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পরপরই তাকে কেন্দ্রের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার গাইবান্ধা-৩ আসনের পলাশবাড়ী এ.এ.এস.বি.পি মহিলা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই নারী সদস্যের নাম শরিফা বেগম। তিনি পলাশবাড়ী উপজেলা আনসার ভিডিপির সদস্য বলে জানা গেছে।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই ওই নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব পড়েনি।’
[/live_update]
[live_update time=”দুপুর ১.১১ মিনিট” title=”দেশের জনগণের মালিকানা ফিরছে: আমীর খসরু”]
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে এবং বাংলাদেশ একটি গণতান্ত্রিক পদ্ধতির দিকে অগ্রসর হচ্ছে।বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের উত্তর কাট্টলি মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের কাছে এ প্রতিক্রিয়া জানান।
যাদের অবদানের কারণে বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশে ফিরেছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন পোলিং স্টেশনে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসবমুখর আবহ লক্ষ্য করা যাচ্ছে। সার্বিকভাবে কেন্দ্রগুলোতে ব্যাপক অংশগ্রহণ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনে কোনো পক্ষপাতমূলক পরিবেশ চোখে পড়েনি।’
[/live_update]
[live_update time=”বেলা ১২.৫০মিনিট” title=”ভোট ইঞ্জিনিয়ারিং মেনে নেবেন না মির্জা আব্বাস”]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ এখন পর্যন্ত সুষ্ঠু জানিয়ে ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘ভোটে কোন ইঞ্জিনিয়ারিং হলে তা মেনে নেওয়া হবে না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। বেলা ১২টায় মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন স্বয়ং মির্জা আব্বাস।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের বলেন, ‘ভোট সুষ্ঠু না হওয়ার মত এখন পর্যন্ত কোনো পরিস্থিতি দেখি না।’
এ আসনে তার প্রতিদ্বন্দী প্রার্থী নাসিরুদ্দীন পাটওয়ারীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগের বিষয়ে আমি জানি না।’
[/live_update]
[live_update time=”বেলা ১২.২১ মিনিট” title=”মুন্সীগঞ্জে ককটেল বিস্ফোরণ”]
মুন্সিগঞ্জে মাকুহাটি গুরুচরন জেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে পর পর ১৪-১৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মাকুহাটি গুরুচরন জেসি উচ্চ বিদ্যালয় কেন্দ্রের মাঠে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় একজনকে আহত অবস্থায় মাঠে পরে থাকতে দেখা যায়।
এতে আশপাশে আতংক ছড়িয়ে পরে। তাৎক্ষণিক স্কুলের প্রধান ফটক আটকে দিলে অন্তত ১০ মিনিট ভোটগ্রহণ বন্ধ থাকে।
[/live_update]
[live_update time=”বেলা ১২.১৭ মিনিট” title=”গণমাধ্যমের সহযোগিতায় নির্বাচন হবে গ্রহণযোগ্য”]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হচ্ছে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, ‘দু’একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব কথা বলেন।

তিনি জানান, জাতীয় নির্বাচনে সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব। মিডিয়ার সহযোগিতায় নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।
একই সঙ্গে ‘আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রোপাগাণ্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে’ যোগ করেন তিনি।
এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন। তিনি ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে পর্যবেক্ষণ করেন
[/live_update]
[live_update time=”বেলা ১২টা ১০ মিনিট” title=”ভোট সুষ্ঠু হচ্ছে, জামায়াতের সাইফুল আলম মিলন”]
ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম মিলন বলেছেন, ‘এখন পর্যন্ত যা দেখলাম তাতে মনে হয়েছে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে।’
বৃহস্পতিবার সকালে তেজগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা জানান।
দিন যত এগোবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।
এর আগে সকালে তিনি তেজগাঁও বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট দেন। সেই সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. হেলাল উদ্দিন তার সঙ্গে ছিলেন
[/live_update]
[live_update time=”সকাল ১০.৫০ মিনিট” title=”পাড়া-মহল্লায় উৎসবের আমেজ”]
ঢাকা-১২ আসন ঘুরে দেখা গেল পাড়া-মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ।
নাজনীন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসা এক নারী বলেন, ‘২০০৮ সালের পর আজ প্রথম ভোট দিলাম। অনেক দিন পর নিজের অধিকার প্রয়োগ করতে পেরে খুব ভালো লাগছে।’
গোটা এলাকায় বইছে উৎসবের হাওয়া। রাস্তার মোড়ে মোড়ে বয়োজ্যেষ্ঠদের আড্ডা আর শিশুদের খেলা করতে দেখা যাচ্ছে। কেন্দ্রগুলোর সামনে প্রার্থীদের অস্থায়ী বুথ থেকে ভোটার স্লিপ বিতরণ করা হচ্ছে।
অনেকেই পুরো পরিবার নিয়ে ভোট দিতে বের হয়েছেন। ছোট সন্তানদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসা হাসান বলেন, ‘আমরা ১৭ বছর পর ভোট দিচ্ছি। সন্তানদের সঙ্গে নিয়ে এসেছি যাতে তারা প্রথমবার ভোটের আমেজ দেখার অভিজ্ঞতা অর্জন করতে পারে।’
তেজগাঁও কলেজ কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রার্থীদের সমর্থকদের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়।

পশ্চিম রাজাবাজারের বাসিন্দা রাজ হাসান ভোট দিয়ে বেরিয়ে নিজের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা একটি নতুন দেশের স্বপ্ন দেখছি। পেছনে ফিরে তাকাতে চাই না। প্রার্থীরা হারুক বা জিতুক, দেশ যেন ভালো থাকে—এটাই আমাদের একমাত্র চাওয়া।’
ফার্মগেটের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
[/live_update]
[live_update time=”সকাল ১০.১১ মিনিট” title=”‘ভোটাধিকার ফিরে পেয়েছি’”]
ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন এক বৃদ্ধ।
টাইমস অব বাংলাদেশকে তিনি বলেন, ‘অনেক বছর পর ভোট দিলাম, হয়তো জীবনের শেষ ভোট। এবারের ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা আমাদের ভোটাধিকার ফিরে পেয়েছি।’
একই কেন্দ্রে ভোট দিতে আসা এক কলেজছাত্র বলেন,‘জীবনের প্রথম ভোট দিলাম। অন্যরকম লাগছে, ভোট দিয়ে বাইরে এসে বন্ধুদের সঙ্গে ছবিও তুলেছি। আশা করছি ভোট সুষ্ঠুভাবেই শেষ হবে।’
হলি ক্রিসেন্ট স্কুলে ভোট দিতে আসা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, ‘এটি আমার জীবনে প্রথম ভোট। ২০২৪ সালের নির্বাচনে ভোটার হলেও ভোট দিইনি। এবার পরিবেশ অনুকুলে থাকায় আম্মুকে নিয়ে ভোট দিতে এসেছি। ভোট দিয়ে আমি উচ্ছ্বসিত।’
এই কেন্দ্রে ভোট দিতে আসা মধ্যবয়সী এক নারী বলেন, ‘কেন্দ্রটি ছোট হওয়ায় ভোট দিতে সময় লাগছে। তবে এখন পর্যন্ত আমার দেওয়া শ্রেষ্ঠ ভোট ছিল এটি। সাধারণত এর আগে ভোট দিতে এলে বাইরে থেকে বার বার করে হাতে কাগজ ধরিয়ে দেয়া হতো, চাপ ভয় ভীতি দেখানো হতো। এবার সেরকম কিছু নেই, আমি শান্তিতে ভোটটা দিতে পেরেছি।’
[/live_update]
[live_update time=”সকাল ৯.৪০ মিনিট” title=”ভোট দিলেন প্রধান বিচারপতি”]
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম টাইমস অব বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
[/live_update]
[live_update time=”সকাল ৯.৩৩ মিনিট” title=”কেন্দ্রে পর্যাপ্ত জায়গা না থাকার অভিযোগ”]
ঢাকা-১১ আসনের হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের তিনটি কেন্দ্রে নারীদের ভোটগ্রহণ চলছে। এই কেন্দ্রগুলোয় মোট ভোটার প্রায় ১০ হাজার।
তবে স্কুলটি ছোট হওয়ার সেখানে জায়গার সংকুলান হচ্ছে না বলে অভিযোগ করছেন ভোটাররা। ফলে ভোট কার্যক্রম তুলনামূলক ধীরগতিতে এগোচ্ছে।
এই কেন্দ্রে বিএনপি সমর্থিত এম এ কাইয়ুমের স্বেচ্ছাসেবক ব্যাজসহ দুইজনকে কেন্দ্রের নিচতলায় অবস্থান করতে দেখা যায়। যাদের মধ্যে একজন ভবনের ২,৩ এবং ৪ তলার ভোটকেন্দ্র পরিদর্শনে যান পোলিং এজেন্ট রয়েছে কিনা দেখার কথা বলে। এ নিয়ে কেন্দ্রের বাইরে থাকা ১১ দল সমর্থিত প্রার্থী নাহিদ ইসলামের নেতাকর্মীরা প্রতিবাদ তোলেন।
[/live_update]
[live_update time=”সকাল ৯.৩০ মিনিট” title=”ভোট দিলেন নুরুল হক নুর”]

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভোট দিয়েছেন।
সকাল সাড়ে ৯টার কিছু আগে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
[/live_update]
[live_update time=”সকাল ৯টা” title=”বরিশালে ভোট দিলেন ডা. মনীষা”]

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তী ভোট দিয়েছেন। সকাল ৯টায় বরিশালের বগুড়া রোড এস সি জি এম মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
[/live_update]
[live_update time=”সকাল ৮.৪১ মিনিট” title=”প্রথম ভোট দিয়ে আনন্দ প্রকাশ”]
ঢাকার অগ্রনী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে এসেছেন বেশ কয়েকজন তরুণ। যাদের বেশিরভাগই এবার প্রথম ভোট দিচ্ছেন।
এদের কয়েকজনের সঙ্গে কথা হয় টাইমস অব বাংলাদেশের।
মো. সিয়াম হোসেন (২৩) বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ২০২৪ সালে আমার ভোট অন্যজন দিয়েছিল। আমি এবার ভোট দিতে এসে খুব আনন্দিত ‘
[/live_update]
[live_update time=”সকাল ৮.২২ মিনিট” title=”তরুণ ভোটারের উপস্থিতি বেশি ঢাকা-১১ আসনে”]
ঢাকা ১১ আসনের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারের উপস্থিতি বেশ ভালো রয়েছে। এই আসনের কেন্দ্রগুলোয় তরুণ ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন আরও দীর্ঘতর হচ্ছে। যদিও সকালে নারী ভোটারদের উপস্থিতি বেশ কম দেখা যাচ্ছে। ভোটকক্ষে প্রিসাইডিং অফিসার এবং পোলিং এজেন্টরা সুশৃঙ্খল ভাবে দ্বায়িত্ব পালন করছেন। নিয়ম মেনে তারা ভোটগ্রহণ কার্যক্রম চালাচ্ছেন।
ভোটগ্রহণ কক্ষে রয়েছে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। গোপন কক্ষে কোনো ভোটারকেই ফোনসহ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তারা পোলিং এজেন্টের কাছে ফোন জমা রেখে গোপন কক্ষে প্রবেশ করছেন।
[/live_update]
[live_update time=”সকাল ৮.১২ মিনিট” title=”ভিকারুননিসায় সব নারী ভোটার”]

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে দ্বায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তা মো. আতিয়ার রহমান টাইমস অব বাংলাদেশকে বলেন, এখানে সব ভোটারই নারী। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৫৯৭। সব নারী ভোটার হওয়ায় আমরা কোনো পুরুষ পোলিং এজেন্টকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছি না।
সেখানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলেও জানান তিনি।
[/live_update]
[live_update time=”সকাল ৮.০৫ মিনিট” title=”ভোট দিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ”]

কক্সবাজারে নিজের নির্বাচনী আসনে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সকালে পেকুয়া উপজেলার পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা। বড় ছেলে ইব্রাহিম আহমদকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।
[/live_update]
[live_update time=”সকাল ৮ টা” title=”কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন”]
দেশের প্রায় সব ভোটকেন্দ্রের বাইরেই ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার আগে থেকেই ভোটাররা কেন্দ্রের বাইরে দাঁড়াতে শুরু করেন।
সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোটের অপেক্ষা করেন তারা। ভোটগ্রহণ শুরু হতেই নিজের ভোটাধিকার প্রয়োগ শুরু করেন। এখন পর্যন্ত কোথাও বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
[/live_update]


