নিরাপত্তা শঙ্কায় একদিন বন্ধ থাকার পর নিয়মিত কার্যক্রমে ফিরেছে ভারতীয় ভিসা সেন্টার। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে আইভ্যাকের নির্ধারিত সব কার্যক্রম চলছে।
ভারতীয় হাই কমিশনের পক্ষ থেকে টাইমস অব বাংলাদেশকে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আইভ্যাক-জেএফপির সব নিয়মিত কার্যক্রম চলছে।
এর আগে বুধবার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা জানিয়ে দুপুর ২টা থেকে আইভ্যাকের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেয় ঢাকার ভারতীয় হাই কমিশন। আইভ্যাকের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার তথ্য নিশ্চিত করা হয়।
বুধবার যাদের ভিসা অ্যাপয়েন্ট জমা নেওয়ার কথা ছিল, সেই গ্রাহকদের জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে বলে বিবৃতিতে জানিয়েছে আইভ্যাক-জেএফপি।
এদিকে, বুধবার দুপুর ৩টার দিকে জুলাই ঐক্যের ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি পালনের ডাক দেয় বিক্ষুব্ধরা। শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের ফিরিয়ে দেওয়াসহ নানা দাবিতে রামপুরা ব্রিজ থেকে ভারতীয় হাইকমিশনের দিকে পদযাত্রা শুরু করেন তারা।
তবে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে নিরাপত্তা শঙ্কা জানানোয় এবং হাইকমিশনের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি আমলে নিয়ে পদযাত্রাটি বাড্ডাতেই আটকে দেয় পুলিশ।


