সদ্য প্রয়াত কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা, যিনি ‘ডানা ভাই জোস’ নামেও পরিচিত। তার এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং অনেক ভক্ত-অনুরাগীর মনে গভীর ছাপ ফেলেছে।
পোস্টে ডানা কারিনার ব্যক্তিত্ব ও বন্ধুত্বের নানা দিক তুলে ধরেন। তিনি লেখেন, কারিনার হাসিই ছিল তার সবচেয়ে বড় সৌন্দর্য। সবসময় বন্ধুদের পাশে দাঁড়ানো এবং আন্তরিকভাবে সবার খোঁজ নেওয়াই ছিল তার স্বভাব। ডানার ভাষায়, “কারিনা ছিল সুখ, বন্ধুত্ব আর মমতার আরেক নাম।”

বন্ধুত্বের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, এমন কোনো দিন মনে পড়ে না যেদিন তাদের কথা হয়নি। কারিনা তাকে শিখিয়েছিলেন জীবনকে ভালোবাসতে, ছোট-বড় সবাইকে সমানভাবে আগলে রাখতে।
পোস্টে আরও উঠে আসে তাদের ব্যক্তিগত কিছু মুহূর্ত। ডানা লেখেন, শেষ জন্মদিনে তিনি মজা করে কারিনাকে বলেছিলেন, “তুমি আছো বলেই আর আলাদা করে জন্মদিনের প্ল্যান করতে হয় না।” জবাবে কারিনা বলেছিলেন, “আমি যতদিন আছি, সারাজীবনই করব।” সেই কথাগুলো এখন স্মৃতিতে রয়ে গেছে, সঙ্গে আরেকটি প্রতিশ্রুতি—“যখনই রক্তিম চাঁদ উঠবে, আমরা আবার দেখা করব”—যা তারা দুজন একসময় একে অপরকে বলেছিলেন।
আবেগঘন পোস্টের শেষদিকে ডানা লেখেন, “তুমি হয়তো আমাদের সবচেয়ে প্রিয় মানুষ ছিলে, হয়তো আল্লাহরও সবচেয়ে প্রিয় ছিলে বলেই তিনি তোমাকে এত তাড়াতাড়ি নিজের কাছে নিয়ে গেলেন। আবার দেখা হবে বন্ধু। তুমি যেমন আমাদের জীবনের রোদেলা আলো ছিলে, তেমনি আকাশের সবচেয়ে উজ্জ্বল তারাও হয়ে থাকবে।”
প্রসঙ্গত, লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল কারিনা কায়সারকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ।কারিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। কনটেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে অভিনয়শিল্পীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতিচারণ করছেন।


