কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক মারা গেছেন। বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৪৫ বছর।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে, প্রথমে তাকে কুমিল্লা মডার্ন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।
সাইফুল মালিকের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান। তার জন্ম ১৯৮১ সালে। সাইফুল মালিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে তিনি প্রাণিবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৩ সালে তিনি বিয়ে করেন। এরপরই ২০১৬ সালে ৩৪তম বিসিএসের মাধ্যমে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন।
সবশেষ তিনি কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মজীবনে তিনি একজন সৎ, বিনয়ী, মৃদুভাষী ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে সমাদৃত ছিলেন এবং মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।


