রংপুরের প্রশাসন পক্ষপাত করছে: চীনা রাষ্ট্রদূতকে জামায়াত

রংপুরের প্রশাসন পক্ষপাত করছে: চীনা রাষ্ট্রদূতকে জামায়াত
চীনা রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আসন্ন নির্বাচনে রংপুরের প্রশাসন একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বলে চীনা রাষ্ট্রদূতকে জানিয়েছেন জামায়াত নেতারা। এদিকে বিএনপি জানিয়েছে নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে।

রোববার রাতে রংপুর মহানগরীর গ্র্যান্ড প্যালেস হোটেলে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে আলাদা বৈঠকে এসব বিষয় জানায় দল দুটির স্থানীয় নেতারা। ওইদিন রাত ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা বৈঠক করেন চীনা রাষ্ট্রদূত।

বৈঠকে জামায়াতের কেন্দ্রীয় সদস্য মাহবুবার রহমান বেলালের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলে ছিলেন জেলা জামায়াতের আমির ও রংপুর-৫ আসনের এমপি প্রার্থী গোলাম রব্বানী, নীলফামারী-২ আসনের এমপি প্রার্থী হাফেজ মুত্তাকিন, রংপুর মহানগরের আমির এটিএম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, জেলা সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

বৈঠক শেষে জামায়াত নেতা মাহবুবুর রহমান বেলাল সংবাদিকদের বলেন, ‘চীনা রাষ্ট্রদূত তার টিম নিয়ে রংপুর সফরে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। বৈঠকে তিনি আমাদের কাছে নির্বাচন নিয়ে জানতে চেয়েছেন। আমরা তাকে বলেছি, জাতি চাচ্ছে নির্বাচন যেন হয়। একটা গণতান্ত্রিক কাঠামোতে আমাদের যেতে হবে। নির্বাচন হবে এবং হতেই হবে। এজন্য আমরা কাজ করছি।’

আরও পড়ুন

বেলাল আরও বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যাপারে জানতে চাইলে আমরা তাকে জানাই, অনেক ক্ষেত্রে লেভেলে প্লেয়িং ফিল্ড ব্যাহত হচ্ছে। কারণ রংপুরের প্রশাসনে কিছু আমলা আছেন, যারা আগের সরকারের লোক। তারা হয়তো নির্বাচন ভালো হোক সেটা চাচ্ছেন না। এজন্য তারা বিভিন্ন সমস্যা করছে। আবার কিছু আমলা একটি বিশেষ দলের পক্ষেও রোল প্লে করছে। তাতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।’

অন্যদিকে বিএনপি চেয়ারম্যানের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা তাজবীরুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘চীনা রাষ্ট্রদূত আমাদের ডেকেছিলেন। উনি প্রথমেই আমাদের কাছে নির্বাচনের বিষয়ে জানতে চান। আমরা তাকে বলেছি, আমাদের অবস্থান মোটামুটি ভালো এবং আমরা খুব আশাবাদী।’

এদিকে সোমবার চীনা রাষ্ট্রদূতের তিস্তা নদী পরিদর্শনের কথা রয়েছে। সঙ্গে থাকবেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad