বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেছেন, দেশ, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই।
তিনি বলেন, একটি চক্র ভেতরে ভেতরে শয়তানি করে বিএনপিকে ক্ষমতায় রেখে পরে আন্দোলনের মাধ্যমে আবার ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে, যা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক।
রোববার বনানীতে ঢাকা ১৭ আসনের নির্বাচনী কার্যালয়ে ওলামা মাশায়েখদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, যারা ইসলামের কথা বলে রাজনীতি করছে, বাস্তবে তারা কখনোই ইসলামের পক্ষে ছিল না। অতীতে তারা সীমান্তের ওপারে আপস করেছে, আবার বিভিন্ন আন্তর্জাতিক শক্তির সঙ্গেও গোপন সমঝোতার অভিযোগ রয়েছে।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বিএনপির জন্য নয়, সাধারণ মানুষের স্বাধীনতা, ধর্ম পালন ও দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশ স্বাধীন থাকবে নাকি বিক্রি হয়ে যাবে, সেই সিদ্ধান্ত এই নির্বাচনে হবে।’
তারেক রহমানকে নিয়ে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ‘অথচ ৫ আগস্টের পর তারেক রহমান নিজেই নির্দেশ দিয়েছেন—কোনো প্রতিশোধমূলক হামলা, অগ্নিসংযোগ বা অরাজকতা করা যাবে না। এটাই প্রকৃত নেতার পরিচয়।’
আওয়ামী লীগ–জামায়াত সম্পর্কে তিনি বলেন, অতীতে বিএনপিকে ক্ষমতা থেকে নামানোর জন্য যারা আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছে, আজও তারা একই ষড়যন্ত্রে লিপ্ত। বিশ্ববিদ্যালয় রাজনীতির উদাহরণ টেনে তিনি বলেন, ছাত্রলীগ ও শিবিরের মধ্যে আদর্শিক মিল আছে, যা জনগণকে বুঝতে হবে।
এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমুদ্দিন আলম ও বিভিন্ন ওলামা, মাশায়েখরা উপস্থিত ছিলেন।


