কান চলচ্চিত্র উৎসবের আবাসিক কর্মসূচি ‘লা রেসিদঁস দু ফেস্টিভ্যাল দ্য কান’-এর ৫১তম অধিবেশনে ছয় নবীন নির্মাতা অংশ নিচ্ছেন। এদের মধ্যে তিন জন নারী ও তিন জন পুরুষ। তারা হচ্ছেন—হ্যারি লাইটন, এমা ব্রান্ডারহর্স্ট, জোকার হান্না, সাউলে ব্লিউভাইতে, মানসি মাহেশ্বরী এবং অলিভার ম্যাকগোল্ডরিক।
এ ছয়জন ১৬ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত তারা প্যারিসে অবস্থান করবেন। এই সময়ে তাদের নিজেদের করা চিত্রনাট্যের উন্নয়নসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে বিভিন্ন বৈঠক ও যৌথ কার্যক্রমে অংশ নেবেন।
প্রতি বছর প্যারিসের কেন্দ্রস্থলে এই আবাসিক কর্মসূচিতে মোট ১২ জন উদীয়মান নির্মাতাকে নির্বাচন করা হয়। দুইটি সেশনে বিভক্ত এই কার্যক্রম প্রতিটি প্রায় সাড়ে চার মাস স্থায়ী হয়। এর মূল লক্ষ্য নির্মাতাদের প্রথম বা দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রনাট্য উন্নয়ন ও লেখার প্রক্রিয়ায় সহায়তা করা।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এই কর্মসূচি প্রায় ৬০টিরও বেশি দেশের ২৫০ জনের বেশি নির্মাতাকে সহায়তা করেছে। এখান থেকে উঠে আসা অনেক নির্মাতা পরবর্তীতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে নিয়মিতভাবে নিজেদের অবস্থান তৈরি করেছেন। তাদের মধ্যে রয়েছেন—লুক্রেসিয়া মার্তেল, কর্নেলিউ পোরুম্বইউ, আমাত এসকালান্তে, মিশেল ফ্রাঙ্কো, লাসলো নেমেশ, লুকাস ধোঁ, নাদিন লাবাকি, নাদাভ লাপিদ, আন্তোনেতা আলামাত কুসিয়ানোভিচ, কার্লা সিমোন, কারিম আইনুজ, রুঙ্গানো নিয়নি, পায়াল কাপাডিয়া এবং চিয়াং ওয়েই।


