কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া এলাকায় রাকিবা জান্নাত মুন্নি (১৯) নামের ওই গৃহবধূর মৃত্যু হয়। তার স্বামীর নাম সাদেক হোসেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকালে নিজ বাড়ির রান্নাঘরে পরিবারের সদস্যদের সঙ্গে গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন মুন্নি। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজানটিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শরিফ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘পেকুয়া উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া নামক স্থানে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সাদেক হোসেনের স্ত্রী রাকিবা জান্নাত মুন্নির মৃত্যু হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। কেবল এক বছর আগে সাদেক হোসেনের সঙ্গে মুন্নির বিয়ে হয়েছিল।’
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘বজ্রপাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’


