কক্সবাজারের উখিয়ায় গোলাপশা আক্তার (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নে এই ঘটনা ঘটে ।
সে স্থানীয় চরপাড়া এলাকার ছৈয়দ মিস্ত্রীর মেয়ে এবং রুমখাঁ পালং ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, সকালে তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা খুলে তার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় গোলাপশার মরদেহ নিচে নামানো হয়।
প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সে মানসিক চাপে ছিল বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসীর দাবি, কিছুদিন আগে মনির মার্কেট এলাকার এক যুবকের সঙ্গে সে বাড়ি থেকে চলে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে ফিরিয়ে আনেন। এরপর থেকেই পরিবারে অস্থিরতা চলছিল বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ হোসাইন সিকদার বলেন, ‘পরিবারের দাবি এটি আত্মহত্যা। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের আগে নিশ্চিত করে বলা সম্ভব নয়।’
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’


