ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনার বিষয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে কোনো ধরনের দরাদরি বা সমঝোতা করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে হোয়াইট হাউস।
সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি অলিভিয়া ওয়েলস বলেন, এগুলো অত্যন্ত সংবেদনশীল কূটনৈতিক আলোচনা এবং যুক্তরাষ্ট্র কখনোই সংবাদমাধ্যমের মধ্য দিয়ে এই প্রক্রিয়া চালাতে চায় না।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেমনটি বলেছেন, এই আলোচনার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে এবং মার্কিন জনগণের স্বার্থ রক্ষা হয় এমন চুক্তিই কেবল করা হবে। যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেবে না।
যুক্তরাষ্ট্র এবং তার মিত্র ইসরায়েল বর্তমানে ইরানকে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করার জন্য চাপ দিচ্ছে।
ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে, যদিও তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ বা পারমাণবিক ধূলিকণা হিসেবে অভিহিত করে তা হস্তান্তরের দাবি জানিয়েছেন। যদিও এর আগে তিনি দাবি করেছিলেন, ১২ দিনের যুদ্ধের সময় তিনি ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম স্পষ্টভাবে জানিয়েছে, বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো ধরনের আলোচনার সুযোগ নেই।
সূত্র: আল-জাজিরা


