‘ভারত যে কী বার্তা দিতে চাইছে বুঝতে পারছি না’

‘ভারত যে কী বার্তা দিতে চাইছে বুঝতে পারছি না’
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
Advertisement
Advertisement

বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদেরকে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার কারণ বুঝতে পারছে না বাংলাদেশ। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

পররাষ্ট্র দপ্তরে নিজের অফিসে তৌহিদ হোসেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভারত নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগের কথা বাংলাদেশ সরকারকে জানায়নি। কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিয়ে ভারত কোনো বার্তা দিতে চাইছে কিনা তাও বোঝা যাচ্ছে না।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি ভারতের নিজস্ব বিষয়। এনিয়ে বাংলাদেশের কিছু করার নেই। তবে বাংলাদেশে তাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা দেখা দেয়নি। নির্বাচনের পরিবেশও এমন কোনো শঙ্কা তৈরি করেনি।

অতীতের নির্বাচনগুলোর তুলনায় এবার এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ অনেক ভাল বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন।

আরও পড়ুন

রোহিঙ্গাদের পাসপোর্ট নবায়ন

পররাষ্ট্র উপদেষ্টা জানান, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার রোহিঙ্গা নাগরিকের পাসপোর্ট নবায়ন করে দেবে বাংলাদেশ। এ বিষয়ে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের একটি সমঝোতা হয়েছে।

উপদেষ্টা জানান, এসব রোহিঙ্গা দুর্নীতির মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব গিয়েছিল। সৌদি সরকার এই পাসপোর্টগুলো নবায়ন করার জন্য বাংলাদেশকে চাপ দিচ্ছিল। শুরুতে বাংলাদেশ এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, শেষ পর্যন্ত দেশের বৃহত্তর স্বার্থ রক্ষার কথা চিন্তা করে পাসপোর্ট নবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাসপোর্ট দেওয়ার অর্থ এই নয় যে রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিকত্ব পেয়ে গেছেন। কারণ পাসপোর্ট মানেই নাগরিকত্ব নয়। বিশেষ প্রয়োজনে অ-নাগরিকদেরও ভ্রমণের নথিপত্র দেওয়া যেতে পারে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর