ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে ফের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বুধবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডেরর আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান রিমান্ডের এ তথ্য নিশ্চিত করেন। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের ঢাকা মেট্রোর (পূর্ব) সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তাকে সাতদিনের রিমান্ডে পাঠানোর আবেদন করেন।
তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, ৬ দিনের রিমান্ডে তিনি অনেক তথ্য দিয়েছেন। যাচাই-বাছাই করার জন্য আরও তথ্য দরকার। তবে এ সময় তারপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি আদালতে বলেন, হাদি হত্যার ঘটনা হঠাৎ হয়নি। তিনি অন্যতম আসামি। তার কাছে দুইটা মোবাইল পাওয়া গেছে। ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে আরও তথ্য পাওয়া যাবে। মামলার ন্যায়বিচারের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে পাঠানো হোক।
এ সময় আদালতের অনুমতি নিয়ে আসামি রুবেল বলেন, আদালত যে রুবেল জড়িত সেই কামরুজ্জামান রুবেল আমি না। আমি একটা চাকরি করি। হত্যাকাণ্ডের কোনো জায়গায় জড়িত না। আমার বাসা আদাবর ছিল এজন্য মনে করেছে যে ওই রুবেল আমি।
এর জবাবে তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, সে রুবেল ও এ মামলায় অভিযুক্ত আসামি। তার নামও রুবেল। তবে এই রুবেলও হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম মাসুদের সহযোগী। এ আসামি রুবেল ছয়দিনের রিমান্ডে তা স্বীকারও করেছেন। পরে আদালত বলেন আপনাকে ওই রুবেল হিসবে ধরা হয়নি। এরপরে তাকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
এর আগে গত ২১ জানুয়ারি বুধবার মধ্যরাতে দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ডিবি পুলিশেন সহায়তায় রুবেলকে গ্রেপ্তার করে সিআইডি। পরদিন গত ২২ জানুয়ারি আদালত রুবেলকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


