ভোটকেন্দ্র দখল প্রতিহত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘কেউ কেন্দ্র দখল করতে এলে আপনারা প্রতিহত করবেন। মুরাদনগরের উন্নয়ন, মা-বোনদের সম্মান রক্ষায়, চাঁদাবাজদের চাঁদাবাজি থেকে রক্ষা করতে ইউসুফ সোহেল ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দেবেন।’
বুধবার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজারে জামায়াতে ইসলামী আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘মুরাদনগর আমার জন্মস্থান। আমি বাংলাদেশের যেখানেই থাকি সবসময় আপনাদের কথা আমার হৃদয়ে থাকে। গত বছর দায়িত্বে ছিলাম, উন্নয়ন বঞ্চিত বৈষম্যের স্বীকার মুরাদনগরের জন্য কাজ করে গেছি। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখলাম, একদলের জনপ্রতিনিধি ছিলেন এবং সামনেও হতে চান, তারা সরকারের সর্বোচ্চ পর্যায়ে নালিশ দিয়েছিল কেন এত বাজেট দেওয়া হয়। যারা আপনাদের উন্নয়ন চায় না তাদেরকে কি ভোট দিয়ে নির্বাচিত করবেন? আমরা তো পাঁচবারের কথা শুনি।’
তিনি আরও বলেন, ‘যারা প্রবীণ আছেন, আপনারা তো আরও ভালো বলতে পারবেন। মুরাদনগরে একটা বাহিনী ছিল দাদা বাহিনী। বাহিনীর সদস্যদের নাম ছিল টার্মিনাল অমুক, পিস্তল তমুক। মুরাদনগরে আর কোনো অমুক তমুকের জায়গা হবে না। আপনাদেরকে শুধু নিশ্চিত করতে হবে মুরাদনগরের জনগণ যেন ভয়ডরহীনভাবে ভোট দিতে পারে।’
আসিফ মাহমুদ আরও বলেন, ‘১১-দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চিত করছি। আপনারা যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে বাঙ্গুরা বাজারকে উপজেলা করা হবে। মুরাদনগরের মানুষ যেন আর কখনো বঞ্চিত না হয় তার জন্য গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন।’
কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, ‘আমরা কোনো দ্বৈত নাগরিককে সংসদে দেখতে চাই না। আপনারা ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী ইউসুফ হাকিমকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। হ্যাঁ ভোটকে বিজয়ী করবেন। আমাদের জোট ক্ষমতায় আসলে ইনসাফের বাংলাদেশ কায়েম হবে।’
কুমিল্লা তিন মুরাদনগর আসনের ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী ইউসুফ সোহেল বলেন, ‘আপনারা আগামী ১২ ফেব্রুয়ারী ভারতীয় আধিপত্যবাদ, চাঁদাবাজ, পাথরখেকোদের বিরুদ্ধে। মুমিনরা এক গর্তে বারবার পা দেয় না। আপনারা পাঁচ বার দুর্নীতে চ্যাম্পিয়ন হয়েছেন। আগামী ১২ ফেব্রুয়ারি যদি ভোট প্রদানে কোনো বাধা দেওয়া হয়, তাহলে মুরাদনগর থেকেই প্রতিরোধের আগুন দাউদাউ করে জ্বলবে।’


