কালশী ও মিরপুরবাসীদের স্থায়ী পুনর্বাসন ব্যবস্থার আশ্বাস দিয়েছেন ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
তিনি বলেন, ‘আমি এই এলাকারই সন্তান। এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তা উচ্ছেদ আতঙ্ক। নির্বাচিত হলে কালশী ও মিরপুরের মানুষদের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসন ব্যবস্থা নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।’
বুধবার নির্বাচনী প্রচারের সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগ শেষে পথসভায় এসব কথা বলেন তিনি। এদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।
অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আমিনুল হক বলেন, ‘এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে।’ এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত জায়গায় কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।
নির্বাচনী প্রচার নিয়ে এই বিএনপি প্রার্থী বলেন, এখন বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে প্রচারে যুক্ত হচ্ছেন, এটি পরিবর্তনের ইঙ্গিত।
এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করে আমিনুল হক বলেন, জামায়াতের প্রার্থী ও কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। এসব অভিযোগের পক্ষে তার কাছে ভিডিও প্রমাণ রয়েছে বলে দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।


