দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে হামের উপসর্গে ৬৯৯ জন শনাক্ত হয়েছেন।
হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৮ জুলাই ২০২৬ পর্যন্ত দেশে মোট হামের উপসর্গযুক্ত রোগীর সংখ্যা ১ লাখ ১৬, হাজার ১০ জন। নিশ্চিত রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৮ জন। এই সময়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হন ৬৪৯ জন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯৫ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় মৃত চারজনের মধ্যে তিনজন সিলেট বিভাগের (সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা) ও এক জন ঢাকা বিভাগের।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৬৮৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৯৯ জন ও সিলেট বিভাগে ৯৭ জন মারা গেছেন। নিশ্চিত হামে মোট মৃত্যু ৯৫ জন, এর মধ্যে সর্বোচ্চ ৫৯ জন ঢাকা বিভাগের।
বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৩ জন, চট্টগ্রামে ১৪৪ জন ও বরিশালে ১১৫ জন হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছে।


