দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯১৭টি শিশু। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যু ও আক্রান্ত রেকর্ড করা হয়।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৯১টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০০টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৯১টি শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় ৭৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৪৩। এই সময়ে ৭৬১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭১টি শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১।
এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন ছাড়পত্র পেয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছে।


