১১ দলের লংমার্চ: লালদিঘি মাঠে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান

১১ দলের লংমার্চ: লালদিঘি মাঠে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি : টাইমস
Advertisement
Advertisement

১১ দলীয় ঐক্যের লংমার্চ ও সমাপনী সমাবেশকে ঘিরে চট্টগ্রামের লালদিঘি মাঠে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা।

শনিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে আসতে শুরু করেন তারা।

সমাবেশস্থলে এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। মিছিল নিয়ে আসা নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দূর-দূরান্ত থেকে আসা নেতাকর্মীরা দলে দলে মাঠে প্রবেশ করছেন।

লংমার্চ ও সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের। সমাবেশে সভাপতিত্ব করবেন ১১ দলীয় ঐক্যের অন্যতম নেতা অলি আহমদ।

আরও পড়ুন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। এ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিল ও শোভাযাত্রা সমাবেশস্থলের দিকে আসছে।

চট্টগ্রাম নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, লংমার্চের বহর মিরসরাই পার হয়েছে। আসরের নামাজের পর থেকে সমাবেশ শুরু হবে।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে লালদিঘি মাঠ ও আশপাশের এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সমাবেশস্থলে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ও সমাবেশস্থলের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

সমাবেশস্থলের আশপাশে নেতাকর্মীদের আনাগোনা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কগুলোতেও মানুষের উপস্থিতি বেড়েছে। বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
আয়োজকদের প্রত্যাশা, লংমার্চের বহর চট্টগ্রামে পৌঁছানোর পর সমাপনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেবেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর