কক্সবাজারের রামু ও টেকনাফে আলাদা অভিযানে মোট ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই মাদক কারবারিকে আটকও করা হয়।
বুধবার রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আলাদা এ অভিযান পরিচালনা করে।
আটক মাদক কারবারির বিরুদ্ধে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিন সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার–টেকনাফ মহাসড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালানো হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালিয়ে গাড়িটির ড্যাশবোর্ডের ভেতরে লুকানো ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মো. হেলাল উদ্দিন (৩৫) নামে একজনকে আটক করা হয়। ইয়াবা বহনের অভিযোগে গাড়িটি জব্দ করা হয়।
অন্যদিকে, এদিন ভোররাতে টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় নাফ নদীর জলসীমায় অভিযান চালানো হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, বুধবার ভোর ৩টার দিকে নাফ নদীর জলসীমায় সন্দেহভাজন পাচারকারীরা নাফ নদী সাঁতরে বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিজিবির নৌ-টহল দল তাদের ঘিরে ফেলে পাচারকারীদের একজনকে আটক করে।
আটককৃত পাচারকারী নাম মো. সালাম (৩৫)। তিনি ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।


