নড়াইলের মধুমতী নদীতে নানির সঙ্গে গোসল করতে নেমে সীমা খানম (১৪) নামে এক বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী নিখোঁজ হয়েছে।
রোববার বিকাল ৩টার দিকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের ঘাঘা নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে ঘাঘা নতুনপাড়া এলাকায় তার নানিবাড়িতে থাকত।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকালে সীমা তার নানির সঙ্গে মধুমতী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায় সে। এ সময় নানি তাকে দেখতে না পেয়ে আশপাশের লোকজনকে ডাকেন।
পরিবারের সদস্য ও স্থানীয়রা এসে দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও সীমার কোনো সন্ধান পাননি। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি দল। এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহাগ উজ্জামান বলেন, ‘খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। সোমবার সকালে এসে তারা উদ্ধার অভিযান শুরু করবে।’


