কক্সবাজারকে পর্যটন শহর হিসেবে গড়ে তলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, বিগত ১৬ বছর ধরে কক্সবাজারকে পরিকল্পিতভাবে ইয়াবার স্বর্গরাজ্য বানান হয়েছিল। এখন সময় এসেছে সেই নেতিবাচক তকমা মুছে ফেলার। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের অমূল্য সম্পদ। এটিকে রক্ষা করতে হবে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।
শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) এ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে মেয়র ওই পরিচ্ছন্নতা কর্মসূচিতে নিজে অংশ নেন এবং পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
তিনি বলেন, ‘সৈকত পরিচ্ছন্ন রাখা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি নাগরিক দায়িত্বও। পর্যটকরা যেন একটি সুন্দর, নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ পান, সেটি আমাদের নিশ্চিত করতে হবে।’
কর্মসূচি চলাকালে মেয়র সৈকতে অবস্থানরত দেশি-বিদেশি পর্যটকদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি সৈকতের পরিবেশ ও পর্যটন সেবা নিয়ে তাদের মতামত নেন এবং যত্রতত্র প্লাস্টিক ও ময়লা না ফেলার জন্য অনুরোধ জানান। একই সঙ্গে পর্যটন সেবার মান উন্নয়নে ট্যুরিস্ট পুলিশ ও বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ইপসার পরিচালক আরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান লায়ন মুজিবুর রহমান ও ছাত্রদল নেতা মাহামুদুল হক জনি। এ ছাড়া ট্যুরিস্ট পুলিশ, বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক এতে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, কক্সবাজারের অর্থনীতি মূলত পর্যটননির্ভর। মাদক ও অপরাধের নেতিবাচক সংবাদ ছাপিয়ে যদি এই শহরের প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপত্তা ও আতিথেয়তাকে যথাযথভাবে তুলে ধরা যায়, তবে বিদেশি পর্যটকের আগমন বহুগুণে বৃদ্ধি পাবে।


