নড়াইলে কালিয়া পৌরসভা এলাকায় একটি সাদা ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
পৌরসভার ছোট কালিয়ায় সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সোমবার রাত প্রায় ১১টার দিকে ব্যাগটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে ছোট কালিয়ার একটি বাড়ির পাশে পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করেন।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘উদ্ধার করা বস্তু আসলে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।’


