‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’

‘সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন’
ফেনীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের সংবর্ধনা সভায় বক্তব্য দেন শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন, বুধবার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আড়ম্বরপূর্ণ সংবর্ধনা নয়, শহীদদের রক্তে অর্জিত বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জানিয়েছেন ফেনীর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা।

বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা ও আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক এবং সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক মনিরা হক। এর আগে, সকালে শহরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের বাবা নেছার উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের পরিবার ও যোদ্ধাদের হাতে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। আমরা রাষ্ট্রের কাছে এ ধরনের সংবর্ধনা চাই না। এজন্য আমাদের ছেলেরা রাস্তায় জীবন দেয়নি, একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য তারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। আমাদের সংবর্ধনার দরকার নেই, সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করুন। শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে রাজনীতি করবেন না।’

আরও পড়ুন

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সব স্তরে বিদ্যমান চরম বৈষম্য এখনো পুরোপুরি দূর হয়নি। জুলাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বা শুধু ছাত্রদের আন্দোলন ছিল না, এতে কৃষক-মজুরসহ সব পেশার মানুষের সম্পৃক্ততা ছিল। তাই এ আন্দোলনকে কোনো দলের ফ্রেমে বন্দি করা মানে শহীদদের অসম্মান করা। একটি বৈষম্যহীন দেশ গঠনে সরকার, বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন সোহরাব আল হোসাইন, জেলা জামায়াতের আমির আবদুল হান্নান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমাম হোসেন আরমান।

এ ছাড়া সভায় বিভিন্ন শহীদ পরিবারের সদস্য, আহত জুলাইযোদ্ধা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad