রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) এএফএম আনোয়ার হোসেন বলেন, ভোরে মাগুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম বিকাশ চন্দ্র সরকার।
এ নিয়ে ওই ঘটনায় দায়ের করা মামলায় আটজনকে গ্রেপ্তার করা হলো।
তদন্তসংশ্লিষ্টরা জানান, গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা চালানো হয়। হামলাকারীরা প্রকল্পের ভেতরে ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও হামলা ও ভাঙচুর চালায়।
জমি ও যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে তদন্তকারীরা জানিয়েছেন। রাত সাড়ে ১০টার দিকে প্রকল্পের প্রধান ফটকে গুলি ছোড়ার মধ্য দিয়ে হামলা শুরু হয়। পরে প্রায় ২০০ জন সেখানে হামলায় অংশ নেয়।
এ ঘটনায় নিউ গিনি প্রপার্টিজের কর্মকর্তা সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।


