ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত ওসমান হাদি। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি সংগঠনের মুখপাত্র। তার পুরো নাম শরিফ ওসমান হাদি হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ওসমান হাদি নামে পরিচিত।

শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে বের হওয়ার পর রাজধানীর বিজয়নগর এলাকার বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন তিনি।

পল্টন থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর সাইকেলে দুইজন ব্যক্তি তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে ওসমান হাদিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, দুপুর আড়াইটার পরপরই ওসমান হাদিকে হাসপাতালে নেওয়া হয়েছে। গুলি তার বাম কানের নিচে লেগেছে। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশংকাজনক।

আরও পড়ুন

ওসমান হাদির বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। তিনি রামপুরা এলাকায় থাকেন।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানিয়েছেন, নির্বাচনী প্রচার চালানোর সময় তাকে গুলি করা হয়। হাদি গত নভেম্বর মাসে দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছিলেন বলেও জানান তিনি।

গত ১৪ নভেম্বর এক ফেসবুকে পোস্টে ওসমান হাদি বলেছিলেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তিনি লেখেন, ‘গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে। যার সামারি হলো-আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে। আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে।’

ইনকিলাব মঞ্চের দেওয়া তথ্য অনুযায়ী, এটি একটি অভ্যুত্থান অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণই ইনকিলাব মঞ্চের লক্ষ্য।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad