আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় সংগ্রহ শ্রীলংকার। ২০০৭ সালের কেনিয়ার বিপক্ষে ২৬০ রান করেছিল সনৎ জয়সূরিয়া-মাহেলা জয়াবর্ধনের দল। সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে না পারলেও শনিবার ২৩৬ পর্যন্ত গিয়েছে আয়ারল্যান্ড। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ওমানের বিপক্ষে লরকান টাকারের ৯৪ রানের ঝড়ো ইনিংসের সাথে গ্যারেথ ডিলানির ফিফটি ও জর্জ ডকরেলের ক্যামিওতে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড গড়েছে আইরিশরা।
বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ হলেও নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় সংগ্রহ গড়ার ম্যাচে ৯৬ রানে ওমানকে হারিয়েছে আয়ারল্যান্ড। বিশ্বকাপে রানের ব্যবধানে এটিই তাদের সর্বোচ্চ জয়। সব মিলিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে।
পাহাড়সম লক্ষ্য তাড়ায় নেমে জশ লিটলের নেয়া ৩ উইকেটের সাথে ম্যাকার্থি-হামফ্রিসের দারুণ বোলিংয়ে ১৩৯ রানে গুটিয়ে গেছে ওমান। ২৪ রানের মধ্যে প্রথম দুই ব্যাটারকে হারালেও দারুণ ফিফটিতে দলকে লড়াইয়ে ফেরান ওপেনার আমির কলিম। যদিও তার বিদায়ের পর ব্যর্থ হয়েছে মিডল অর্ডার। হাম্মাদ মির্জার ব্যাট থেকে এসেছে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান। ওমানকে ধসিয়ে দেয়ার দিনে ৪ ওভার বল করে মাত্র ১৬ রানে ৩ উইকেট নেন পেসার জশ লিটন। দুটি করে উইকেট নিয়েছেন ম্যাকার্থি ও বাঁহাতি স্পিনার হামফ্রিস।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ৬৪ রানের মধ্যে প্রথম চার ব্যাটারকে হারালেও ৫১ বলে ৯৪* রানের বিধ্বংসী ইনিংসে দলকে টেনে নেনে ভারপ্রাপ্ত অধিনায়ক টাকার। ১০ চার ও ৪টি ছক্কায় সাজানো এই ইনিংসে হয়েছেন ম্যাচ সেরাও। পঞ্চম উইকেটে ১০১ রানের জুটি গড়েন ডিলানির সাথে। তবে ষষ্ঠ উইকেটে রীতিমতো ঝড় বইয়ে দিয়েছেন ওমানের বোলারদের ওপর। ডকরেলের সাথে মাত্র ১৯ বলে তুলেছেন ৭০ রান। যেখানে একাই পাঁচ ছক্কা মেরেছেন ডকরেল।


