মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মাটি কাটার ফলে সৃষ্ট গর্তে জমা পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বেলা ২টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো—ফটিগুলি গ্রামের সাহেব আলীর ছেলে লাবিব আহমদ (৭), আশিক আলীর ছেলে ইমাদ আলী (১০) এবং সিপার মিয়ার ছেলে জিসান আহমদ (১২)। তাদের মধ্যে লাবিব ও ইমাদ সম্পর্কে চাচাতো ভাই।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী ঝড়ের পর বুধবার দুপুর ১২টার দিকে তিন শিশু বাড়ির পাশের একটি কৃষি জমিতে খেলতে যায়। সম্প্রতি ওই জমি থেকে মাটি বিক্রি করায় সেখানে বড় একটি গর্ত সৃষ্টি হয়, যা বৃষ্টির পানিতে ভরে যায়। একপর্যায়ে শিশুরা পানিতে নেমে সাঁতার কাটতে গিয়ে ডুবে যায়। তারা কেউ সাঁতার জানত না।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রবির বাজারে এক চিকিৎসকের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরপর স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেলে সেখানে শোকাহত মানুষের ভিড় জমে।
কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হেলাল আহমদ জানান, জমি থেকে মাটি কেটে নেওয়ার কারণে বড় গর্তের সৃষ্টি হয় এবং বৃষ্টির পানিতে তা বিপজ্জনক হয়ে ওঠে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


