সামাজিক যোগাযোগমাধ্যমে আগাম ঘোষণা দিয়ে কুমিল্লা নগরীতে দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র মহড়া দিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
শুক্রবার বিকালে নগরীর বিভিন্ন এলাকায় এই মহড়া চলাকালে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানিয়েছেন, ‘ক্রাইম সেটআপ’ নামে নতুন একটি কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশকে কেন্দ্র করে এই মহড়া দেওয়া হয়। গত বৃহস্পতিবার তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল। শুক্রবার জুমার নামাজের পর ৩০ থেকে ৪০ জন কিশোরের একটি দল সংরাইশ এলাকায় মহড়া শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, দলটির সদস্যদের হাতে রামদা, চাপাতি, লাঠিসোটা এবং কোমরে আগ্নেয়াস্ত্র দেখা গেছে।
তবে এদিন বিকালে এই তৎপরতা আরও বৃদ্ধি পায়। ভাটারপুকুর, কাপ্তানবাজার ও বৌবাজার হয়ে চানপুর সারোয়ার স্কুল রোড পর্যন্ত এলাকায় ১০০ থেকে ১৫০ জন কিশোর বিভক্ত হয়ে সশস্ত্র মহড়া দেয়। মহড়া চলাকালে আতঙ্কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ ঘরের ভেতরে অবস্থান নেন।
স্থানীয় বাসিন্দা সায়েমা আক্তার জানান, মিছিলের সময় আতঙ্কে তারা ঘরের দরজা-জানালা বন্ধ করে দিয়েছিলেন।
আরেক বাসিন্দা মোবারক হোসেন জানান, স্লোগান দিতে দিতে কিশোরদের দলটি রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গোয়েন্দা সূত্র জানিয়েছে, নগরের আলোচিত ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপ’-এর মধ্যেও প্রায়ই এমন সশস্ত্র মহড়া ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
২০১৫ সাল থেকে কুমিল্লায় রতন, ঈগল, র্যাক্স, এলআরএন, সিবিক, মডার্ন, রকস্টার ও ডিস্কো বয়েজসহ অন্তত ২০টি গ্রুপ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় জড়িয়ে আসছে।
সম্প্রতি এসব গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে নিজেদের শক্তিমত্তা প্রদর্শন করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, গত সপ্তাহে ১০ জনের বেশি কিশোর গ্যাং সদস্যকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। তবে জামিনে বের হয়ে তারা আবারও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।


