মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় স্কুল ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নির্মাণকাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
নিহত নুর ইসলাম একই গ্রামের ফাইজুদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন জানান, কাজের সময় ছাদের পাশ দিয়ে যাওয়া মেইন বিদ্যুতের লাইনের খুব কাছে চলে গেলে নুর ইসলাম বিদ্যুতায়িত হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


