সিনেমা ইন্ডাস্ট্রিতে এ মুহূর্তে একের পর এক খারাপ খবর আসছে। এর মধ্যেই একটি আশার খবর। এ বছর চালু হচ্ছে ৩টি নতুন সিনেমা হল। এগুলো হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নারায়ণগঞ্জ ও বগুড়া শাখা এবং শরীয়তপুরে একটি সিঙ্গেল স্ক্রিন হল।
স্টার সিনেপ্লেক্সেরর জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ জানান, নারায়ণগঞ্জের জালকুঁড়ির সীমান্ত টাওয়ারে স্টার সিনেপ্লেক্সের কাজ চলমান রয়েছে। সেখানে ৩টি হল থাকবে এবং আগামী পবিত্র ঈদুল ফিতরে উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে বগুড়ার পুলিশ প্লাজায় স্টার সিনেপ্লেক্সের আরেকটি শাখার কাজ চলছে। এই শাখায় দুটি হল থাকবে, যা চলতি বছরেই চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সারাদেশে সিনেমা হল কমে যাওয়ার প্রেক্ষাপটে নতুন প্রেক্ষাগৃহ চালুর বিষয়ে জানতে চাইলে মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘স্টার সিনেপ্লেক্স আগে থেকেই ১০০টি পর্দা চালুর ঘোষণা দিয়েছিল। নারায়ণগঞ্জ ও বগুড়ার প্রকল্পের কাজ অনেক আগেই শুরু হয়েছিল, তবে নানা কারণে শেষ হতে সময় লেগেছে।’
তিনি আরও জানান, আপাতত বড় শহরগুলোকে গুরুত্ব দিয়ে হল চালু করা হবে, পরে জেলা ও উপজেলা পর্যায়েও বিস্তারের পরিকল্পনা রয়েছে।
এদিকে শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার পাশে নির্মাণাধীন পদ্মা সিনেপ্লেক্সের কাজও প্রায় শেষের পথে। এর কর্ণধারে মোহাম্মদ ইকবাল জানান, সিঙ্গেল স্ক্রিনটি প্রায় ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে এবং আগামী ঈদুল আজহায় এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। তার ভাষ্য, এলাকাটিতে এখনো কোনো সিঙ্গেল স্ক্রিন নেই, তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


