ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ট্রাক্টরের ধাক্কায় ইসরাফিল শিকদার (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার প্যারিস রোডের শিংগা বটতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল নড়াইলের নড়াগাতী থানার বাগুডাঙ্গা গ্রামের ইব্রাহিম শিকদারের ছেলে। মোটর গ্যারেজে কাজের সুবাদে তিনি হরিণাকুণ্ডু পৌর শহরের হল বাজার এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় গ্যারেজ থেকে মোটরসাইকেল নিয়ে বের হন ইসরাফিল। শিংগা বটতলা মোড়ে পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ডু থানার ওসি জুলফিকার আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক পালিয়ে গেছেন। ট্রাক্টরটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।


