২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার।
সকাল ১০টা থেকে দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুাযায়ী, পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। এরপর কেন্দ্রের প্রবেশপথ বন্ধ হয়ে যাবে।
পরীক্ষার্থীদের রঙিন প্রবেশপত্র, কালো কালির স্বচ্ছ বলপয়েন্ট কলম, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/রেজিস্ট্রেশন কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
এসময় কোনো ব্যাগ বহন করা যাবেনা। এছাড়া মোবাইল ফোন, ক্যালকুলেটরসহ কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী বা ঘড়ি নিয়েও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।
এবারের ভর্তি পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের প্রতিটি ১ নম্বর করে থাকবে। জীববিজ্ঞান থাকবে ৩০, রসায়ন ২৫, পদার্থবিজ্ঞান ১৫, ইংরেজি ১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নের জন্য ১৫ নম্বরের প্রশ্ন থাকবে। পাস নম্বর ৪০।
ভর্তি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা হবে।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০ এবং ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসন রয়েছে। বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬০০১টি এবং ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি।


