এবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন শিক্ষকরা

এবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল করবেন শিক্ষকরা
শহীদ মিনারে আন্দোলনরত শিক্ষকরা। ছবি: জান্নাতুল ফেরদাউস/টাইমস
Advertisement
Advertisement

মূল বেতনের ২০ শতাংশসহ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের নয় দিন গড়িয়েছে। সবশেষ আমরণ অনশনে বসেছেন শিক্ষকরা, তাদের কেউ কেউ অসুস্থ হয়ে পড়লেও দাবি আদায় হয়নি।

অবশ্য তাতে আন্দোলনে ভাটা পড়েনি। দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা। আর সেটি হলো, মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে শাহবাগে মিছিলের কর্মসূচি।

সোমবার সন্ধ্যায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসাইন আজিজী।

তিনি বলেন, ‘আমাদের অনশন কর্মসূচি চলছে। অনশনের কারণে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আমরণ অনশনের জন্য যদি কারো প্রাণহানি ঘটে, সেই দায় শিক্ষা উপদেষ্টাকে নিতে হবে। তবে দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন দিলে আন্দোলন শেষ করে বাড়ি ফিরে যাবেন শিক্ষকরা।’

শিক্ষকদের যারা ঢাকায় আসতে পারছেন না, তাদের নিজ জেলা ও উপজেলায় অবস্থান নেওয়ার আহ্বান জানান আজিজী।

আরও পড়ুন

এর আগে সোমবার দুপুরে বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের সঙ্গে দেখাদ করেন দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেন, সরকার এমপিওভুক্ত শিক্ষকদের জন্য যে ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির ঘোষণা দিয়েছে, তা যথেষ্ট নয়। শিক্ষকদের ভাতা বৃদ্ধির জন্য সরকারের দৃষ্টিও আকর্ষণ করেন এই নেতা।

আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত রোববার সকালে শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ বা ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর সার্বিক বাস্তবতা মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরে যাওয়ার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা।

কিন্তু তা প্রত্যাখ্যান করেন শিক্ষকরা।

গত ১২ অক্টোবর থেকেই তিন দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষকরা। বিকালে লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয় পুলিশ। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন তারা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad