আসন্ন জাতীয় নির্বাচনের কারণে ২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের আগেই এ বছরের ১৭ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে।
সাধারণত ফেব্রুয়ারি মাসে এই মেলা শুরু হলেও, ওই সময় নির্বাচন থাকায় মেলাটি এ বছরের ডিসেম্বরে আয়োজন করবে বাংলা একাডেমি।
বৃহস্পতিবার বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার তারিখ নির্ধারণ-সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকবৃন্দ এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে বইমেলার সময় এগিয়ে আনা হয়েছে বলে সভায় জানানো হয়েছে। ১৭ জানুয়ারি অমর একুশে বইমেলা শেষ হবে।


