মে মাসে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে ফরাসি নির্মাতা ও চিত্রনাট্যকার পিয়ের সালভাদোরির ‘লা ভেনুস ইলেকট্রিক’। উৎসব কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১২ মে উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘গ্র্যান্ড থিয়েত্র লুমিয়েরে’ ছবিটির প্রিমিয়ার হবে। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করবেন অভিনেত্রী আই হাইদারা। একই দিনে ফ্রান্সজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহেও ছবিটি মুক্তি পাবে। ফলে দেশের দর্শকরাও একই সময়ে ছবিটি দেখার সুযোগ পাবেন।
পিয়ের সালভাদোরি বলেন, ‘কান আমার কাছে সিনেমার সব ভালোবাসার জায়গা—নির্মাণ, সাহস, স্বাধীনতা এবং নির্মাতাদের উদযাপন। এই উৎসব নতুন নির্মাতাদের আবিষ্কার করে, তাদের পাশে দাঁড়ায়। আমার ছবিটিও আমার এই শিল্পের প্রতি বিশ্বাস ও ভালোবাসার প্রতিফলন। উৎসবের উদ্বোধনী ছবি হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’
প্রশংসিত ফরাসি কমেডি নির্মাতাদের মধ্যে অন্যতম সালভাদোরি। এটি তার ১১তম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এবারই প্রথম তিনি তার গল্পকে নিয়ে গেছেন বিংশ শতকের শুরুর প্যারিসে। সেই সময়ের শিল্পচর্চা, বিনোদন ও আধ্যাত্মিকতার আবহ ছবিটিতে প্রাধান্য পেয়েছে। তবে তার পরিচিত বিষয়—মিথ্যা, দ্ব্যর্থতা ও ভান—এ ছবিতেও বিদ্যমান।
হলিউডের ক্লাসিক কমেডির প্রভাব স্পষ্ট এই ছবিতে। দ্রুতগতির গল্প, সত্য-মিথ্যার মিশেল এবং নিখুঁত নির্মাণশৈলীর মাধ্যমে তিনি মানবসম্পর্কের জটিলতা ও ভাঙাচোরা মানুষের সুখের সন্ধানকে তুলে ধরেছেন।
ছবিতে অভিনয় করেছেন সমকালীন ফরাসি সিনেমার জনপ্রিয় তারকারা। পিও মারমাই, আনাইস দেমুস্তিয়ে ও জিল লেলুশের সঙ্গে রয়েছেন ভিমালা পন্স ও গুস্তাভ কেরভের্ন।
পিয়ের সালভাদোরির দীর্ঘদিনের সহযোগী প্রযোজক ফিলিপ মার্টিন ছবিটি প্রযোজনা করেছেন। ১৯৯২ সালে সালভাদোরির প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র থেকে শুরু করে এখন পর্যন্ত তার সব কাজেই তিনি যুক্ত আছেন।
উল্লেখ্য, গত বছর ৭৮তম কান উৎসবের উদ্বোধনী ছবি ছিল আমেলি বোনাঁর প্রথম চলচ্চিত্র ‘লিভ ওয়ান ডে’।


