চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিম একই গ্রামের আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তিওরবিলা গ্রামের সোহাগ মিয়ার নির্মাণাধীন বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন মুস্তাকিম। এ সময় অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি গুরুতর আহত ও সংজ্ঞাহীন হয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


