রাস্তার জায়গায় জায়গায় গভীর গর্ত, কাদামাটির স্তূপ আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ইট-পাথরের টুকরো দুর্বিষহ করে তুলেছে ঢাকার কাজীপাড়ার জনজীবন। মেট্রো স্টেশনের নিচে পয়ঃনিষ্কাশন উন্নয়ন প্রকল্পের কারণে গোটা এলাকা বিপজ্জনক নির্মাণ এলাকায় পরিণত হয়েছে।
স্থানীয়রা জানান, গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলাচলে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন তারা। মসৃণ রাস্তার বদলে উঁচুনিচু রাস্তায় দৈনন্দিন যাতায়াতও তাদের জন্য দুঃসহ হয়ে উঠেছে।
কাজীপাড়ার বাসিন্দারা বলছেন, প্রতিদিন স্কুলগামী শিশুদের জন্যও এই রাস্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায়ই রিকশাসহ অন্য যানবাহনগুলো দীর্ঘ যানজট আটকে পড়ছে।

জরুরি পরিস্থিতি, শিক্ষার্থী, অফিসগামী ব্যক্তি কিংবা ব্যবসায়ী, এই রাস্তায় নিত্যদিন চলাচলকারী জনগণ দীর্ঘ যানজটে ধৈর্যের পরীক্ষা দিয়ে চরম হতাশা ও বিরক্তি প্রকাশ করেন।
তবে তাদের ভোগান্তি এখানেই শেষ নয়। আকসা রোডের রাস্তায় এলোমেলোভাবে ফেলে রাখা বিশাল আরসিসি পাইপগুলো বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত করছে। এতে নর্দমার দুর্গন্ধময় নোংরা পানিতে সয়লাব হয়ে পড়ছে মূল সড়ক। যা কেবল জনদুর্ভোগই নয়, জনস্বাস্থ্যের জন্যও হুমকি তৈরি করছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, রাস্তার দুর্ভোগের কারণে ক্রেতারা এই এলাকা এড়িয়ে চলায় বেচা-কেনা অনেক কমে গেছে। স্থানীয়রা ক্ষোভ জানিয়ে বলেন, ‘কাঠামোগত উন্নয়ন প্রয়োজন। তবে তা জনগণের নিরাপত্তা আর মানসিক শান্তির বিনিময়ে হতে পারে না।’


