গণভোটের রায় বাস্তবায়নে সংসদে কোনও সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ৯ এপ্রিল থেকে চার দিনের এই কর্মসূচি শুরু হবে। এ সময় সারাদেশে বিক্ষোভ, সমাবেশ ও ঢাকায় সেমিনারের মধ্য দিয়ে তাদের কর্মসূচি চলবে।
মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কার্যালয়ে ১১ দলের নেতাদের বৈঠক শেষে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুহাম্মাদ মামুনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সংস্কারসংক্রান্ত সিদ্ধান্তগুলো বিএনপি উপেক্ষা করছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ১১ দল রাজপথে আন্দোলন চালিয়ে যাবে।’
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৯ এপ্রিল শাহবাগে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া ১১ এপ্রিল সারাদেশের উপজেলা ও থানায় বিক্ষোভ মিছিল, ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ১৩ এপ্রিল ঢাকায় গণভোটের রায় বাস্তবায়নের পক্ষে একটি সেমিনার আয়োজন করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংসদে কোনো সিদ্ধান্ত না আসায় ১১ দলীয় ঐক্য ধারাবাহিক আন্দোলনের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতারা।


