পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহযোগিতা বাড়াতে এফবিআইর আগ্রহের কথা উঠে এসেছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে এক বৈঠকে।
বুধবার পুলিশ সদরদপ্তরে সুহেল দাউদের নেতৃত্বে এফবিআইর চার সদস্যের একটি প্রতিনিধিদল আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, সাইবার নিরাপত্তা জোরদার, সাইবার কমপ্লেইন সেন্টার স্থাপন, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
এফবিআইর আগ্রহকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সঙ্গে সংস্থাটির পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা প্রয়োজন।
তিনি বিশেষ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি), অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে আরও দৃঢ় ও ফলপ্রসূ সহযোগিতার আশা প্রকাশ করে। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


