এখন থেকেই ঈদে ছবি মুক্তির প্রস্তুতি

এখন থেকেই ঈদে ছবি মুক্তির প্রস্তুতি
ঈদের ছবিগুলোর প্রধান চরিত্রে থাকছেন শরিফুল রাজ, চঞ্চল চৌধুরী, শাকিব খান, আরিফিন শুভ ও সিয়াম আহমেদ। ছবি: কোলাজ
Advertisement
Advertisement

ঢালিউড ইন্ডাস্ট্রি কয়েক বছর ধরে ঈদকেন্দ্রিক হয়ে গেছে। সেই ধারাই অব্যাহত থাকছে আগামী বছরও। বছরের বড় বড় ছবিগুলো ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যে রয়েছে সাকিব ফাহাদের সোলজার, আবু হায়াত মাহমুদের প্রিন্স, রায়হান রাফীর আন্ধার, সাইফ চন্দনের মালিক, রেদওয়ান রনির দম, এবং তানিম নূরের বনলতা এক্সপ্রেস।

সোলজার–এ একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার সঙ্গে আছেন তানজিন তিশা, তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমন, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে। ছবিটি শুটিংয়ে যাওয়ার আগেই বলা হয়েছিল এটি বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পাবে। কিন্তু ছবিটির শুটিং এখনও শেষ হয়নি।

পরিচালক সাকিব ফাহাদ টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন, ডিসেম্বরের মুক্তি হচ্ছে না। ঈদে মুক্তি পাবে কিনা নিশ্চিত না হলেও তিনি বলেন, “আমাদের ছবির কিছু শুটিং এখনও বাকি আছে, পরিমাণে খুব অল্প। সব কাজ শেষ করে সুবিধাজনক সময়ে ছবিটি মুক্তি দেবো। খুব শিগগিরই জানাবো।”

আবু হায়াত মাহমুদের প্রিন্স আগেই ঈদুল ফিতরের ছবি হিসেবে ঘোষণা করা হয়েছে। ছবিটির শুটিং শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। এতে শাকিব খানের নায়িকা তাসনিয়া ফারিণ এবং কলকাতার সিরিয়াল অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। অ্যাকশনধর্মী ছবিটি ঈদের জন্যই তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ডসের শিরিন সুলতানা।

অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন এবং ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর প্রযোজনায় নির্মিত আন্ধার পরিচালনা করছেন রায়হান রাফী। সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষিকে নিয়ে তৈরি এই ছবির কাস্টিংই বড় চমক। রয়েছেন আফসানা মিমি, মোস্তফা মনোয়ার, ফররুখ আহমেদ রেহান ও স্বর্ণালী চৈতী। এখানে সিয়াম অভিনয় করছেন একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে।

আরও পড়ুন

রাফী বলেন, “আমরা শুটিং শেষ করেছি, এখন পোস্টের কাজ চলছে। আশা করছি ঈদে মুক্তি দিতে পারবো। শুধু এটিই নয়, আমার আরেকটি ছবিও ঈদে আসতে পারে। খুব শিগগিরই জানাবো।”

আরিফিন শুভ ও মিমকে নিয়ে সাইফ চন্দন বানাচ্ছেন মালিক—পুরোদস্তুর অ্যাকশন ছবি। শুরুতে গোপন রাখার চেষ্টা করা হলেও বিভিন্ন ফুটেজ ও স্থিরচিত্র ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। বহুদিন শুভর কোনো ছবি না থাকায় দর্শকদের আগ্রহও বেশি। চন্দন নিশ্চিত করেছেন, ছবিটি ঈদুল ফিতরেই মুক্তি পাবে।

আফরান নিশো, পূজা চেরি ও চঞ্চল চৌধুরীকে নিয়ে রেদওয়ান রনি তৈরি করছেন দম। কাজাখস্তানে ছবিটির শুটিং শুরু হয়েছে। রনির দীর্ঘ বিরতির পর চলচ্চিত্রে ফেরা, সঙ্গে আকর্ষণীয় কাস্ট—সব মিলিয়ে ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ বেশ। এসভিএফ, আলফা-আই এন্টারটেইনমেন্ট এবং চরকি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। তারা জানিয়েছে, ছবিটি ঈদের জন্যই প্রস্তুত করা হচ্ছে।

হুমায়ূন আহমেদের গল্প বা উপন্যাস নিয়ে অনেকদিন কোনো ছবি হয়নি। সেই শূন্যস্থান পূরণ করতে তানিম নূর নির্মাণ করছেন বনলতা এক্সপ্রেস, তার উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে। ছবিটির জন্য বিশাল ট্রেন সেট তৈরি করা হয়েছে। শুটিং শুরু হবে শিগগিরই। রাজ ছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ও সাবিলা নূর। নির্মাতা জানিয়েছেন, ছবিটি ঈদ ছাড়া অন্য সময়ে মুক্তি দেওয়ার পরিকল্পনা নেই।

এদিকে, এ বছর শাকিব খানকে নিয়ে বরবাদ বানিয়ে আলোচনায় আসেন মেহেদী হাসান হৃদয় ও রিয়েল এনার্জি। অনেকে ধরে নিয়েছিলেন তাদের পরবর্তী ছবিতেও শাকিব থাকবেন। তবে নতুন ছবি রাক্ষস–এ নায়ক সিয়াম আহমেদ। কয়েক দিনের মধ্যেই শুটিং শুরু হবে। প্রযোজক শাহরীন আক্তার সুমী বলেছেন, “এতো বড় বাজেটের ছবি ঈদ ছাড়া মুক্তি দিলে ভালো ব্যবসা হবে না।”

ঈদে আসার সম্ভাব্য ছবির তালিকা দেখে মনে হচ্ছে—চঞ্চল চৌধুরীর তিনটি, শাকিব খান ও সিয়াম আহমেদের দুটি করে এবং শরিফুল রাজের একটি ছবি প্রস্তুত হচ্ছে। এখন পর্যন্ত ঘোষিত ছবির সংখ্যা সাতটি। ঈদ ঘনিয়ে এলে এই তালিকায় নতুন ছবি যুক্তও হবে, আবার কেউ কেউ সরে দাঁড়াবে। শেষ পর্যন্ত কতগুলো ছবি ঈদে মুক্তি পায়—সেটাই এখন দেখার বিষয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad